ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে সপ্তাহের প্রতি রবিবার জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কার্যক্রম চালু করা হয়েছে। “যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা” স্লোগানকে সামনে রেখে আজ রবিবার (২৬ জুলাই ২০২৬) পাটগুদাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাটগুদাম উচ্চ বিদ্যালয় এবং উদয়ন মহিলা সমিতি উচ্চ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান বিদ্যালয়গুলোতে উপস্থিত থেকে শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করেন। তিনি শিক্ষক, শিক্ষার্থী এবং #CleanUp সংগঠনের সদস্যদের সঙ্গে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার করেন এবং প্রতি রবিবার #CleanSunday কর্মসূচি পালনের নির্দেশনা দেন। শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও বিদ্যালয় পরিচ্ছন্ন রাখার করণীয় বিষয়ে তিনি দিকনির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে জেলা প্রশাসক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং পরিচ্ছন্ন পরিবেশ ও প্রকৃতি রক্ষায় এ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয়রা মনে করছেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ তৈরি করবে এবং পরিচ্ছন্ন সমাজ গঠনে সহায়ক হবে।
আরও পড়ুন >> ময়মনসিংহ জেলার প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিচ্ছন্নতা ও সবুজায়ন কর্মসূচি জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে চালু থাকবে। শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং রোগমুক্ত সমাজ প্রতিষ্ঠাই এ উদ্যোগের মূল লক্ষ্য।