“যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে চলছে জেলা প্রশাসনের উদ্যোগে ‘ক্লিন ময়মনসিংহ’ ও ক্লিন সানডে কর্মসূচি। প্রতি রবিবার জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষা বিভাগের কর্মকর্তারা একসঙ্গে স্কুল আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করছেন। ইতোমধ্যে এ কর্মসূচি জেলার আড়াই হাজার স্কুলে ব্যাপক সাড়া ফেলেছে।
ক্লিন সানডে এর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে শম্ভুগঞ্জ ইউসি উচ্চ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি বৃক্ষের চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির, জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুন নাহার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহছিনা খাতুন এবং সহকারী কমিশনার নুরুল হুদা মনির।
বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির বলেন, “সুস্থ দেহ ও সুস্থ মন গঠনে পরিচ্ছন্ন পরিবেশ অপরিহার্য। শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণের মাধ্যমে দেশকে সবুজায়ন করতে হবে। পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও প্রকৃতিপ্রেমের চেতনা জাগ্রত করবে।” তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে হারিয়ে যাওয়া ইতিবাচক মূল্যবোধ ও মানবিকতা ফিরিয়ে আনতে সহায়ক হবে।
আরও পড়ুন >> ময়মনসিংহে জেলা প্রশাসনের উদ্যোগে স্কুল পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি
স্থানীয়রা মনে করছেন, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি শিক্ষার্থীদের দায়িত্ববোধ বাড়াবে এবং পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মকে সচেতন করে তুলবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ কর্মসূচি ধারাবাহিকভাবে জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে চালু থাকবে।