আসন্ন এইচএসসি পরীক্ষা ২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান।
সভায় ২০২৬ সালের এইচএসসি, আলিম, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএমইটি) এবং ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষার সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রশাসনের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। তারা প্রশ্নপত্রের নিরাপদ সংরক্ষণ ও পরিবহন, পরীক্ষার্থীদের নির্বিঘ্নে কেন্দ্রে প্রবেশ, কেন্দ্রের আশপাশে শৃঙ্খলা বজায় রাখা এবং নকল প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে মতামত প্রদান করেন।
জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে কোনো ধরনের অনিয়ম বা নকল বরদাশত করা হবে না। প্রতিটি কেন্দ্রে কঠোর নজরদারি থাকবে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষা বিভাগ ও জেলা প্রশাসন সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।
সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, পরীক্ষা চলাকালে কেন্দ্রের আশপাশে অপ্রয়োজনীয় ভিড় নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং বিদ্যুৎসহ প্রয়োজনীয় সেবার নিরবচ্ছিন্ন ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগগুলো সমন্বিতভাবে কাজ করবে। অভিভাবক ও শিক্ষার্থীদের গুজবে কান না দিয়ে নিয়ম মেনে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
আরও পড়ুন >> ময়মনসিংহ এইচএসসি ২০২৫: সেরা ১০ কলেজের ফলাফল বিশ্লেষণ
সভা শেষে এইচএসসি পরীক্ষা অংশগ্রহনকারী পরীক্ষার্থীদের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সবার সম্মিলিত সহযোগিতায় একটি নকলমুক্ত ও সুশৃঙ্খল পরীক্ষা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।