ময়মনসিংহ জেলার ক্রীড়াঙ্গনে আনন্দের জোয়ার বইছে। প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)-২০২৬ এর জাতীয় পর্যায়ের ফাইনালে জায়গা করে নিয়েছে জেলার বালক ও বালিকা উভয় দল। আগামী ২০ জুন ঢাকার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালে বালক বিভাগে দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা বিভাগে আচারগাঁও উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলার প্রতিনিধিত্ব করবে।
উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা সফলভাবে অতিক্রম করে জাতীয় ফাইনালে পৌঁছানোয় খেলোয়াড়, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ময়মনসিংহের ক্রীড়াঙ্গনে এ অর্জন নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

১৭ জুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান দুই দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, “জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা দলের অংশগ্রহণ জেলার জন্য গৌরবের বিষয়। সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে শিশুরা জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভা তুলে ধরতে সক্ষম।” তিনি খেলোয়াড়দের সর্বোচ্চ দক্ষতা, শৃঙ্খলা ও ক্রীড়াসুলভ মনোভাব প্রদর্শনের আহ্বান জানান।
আরও পড়ুন >> মাসকান্দা বাসস্ট্যান্ডে অবৈধ স্থাপনা উচ্ছেদে মসিকের
অভিভাবক ও স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, ফাইনালে দুই দলই সাফল্যের ধারা অব্যাহত রেখে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে লড়বে। তারা বিশ্বাস করেন, ক্ষুদে ফুটবলাররা দেশের সর্বোচ্চ পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখে ময়মনসিংহের জন্য নতুন গৌরব বয়ে আনবে।
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট দেশের অন্যতম বৃহৎ ক্রীড়া আয়োজন, যা ক্ষুদে ফুটবলারদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জাতীয় ফাইনালে ময়মনসিংহের অংশগ্রহণ জেলার ক্রীড়া ইতিহাসে একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।