ময়মনসিংহ সিটি কর্পোরেশন নগরীর যানজট নিরসন ও পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে।
সোমবার (১৫ জুন) পরিচালিত অভিযানে বাসস্ট্যান্ড সংলগ্ন সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ দোকানপাট, অস্থায়ী স্থাপনা ও ফুটপাত দখলমুক্ত করা হয়। এর ফলে দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকা গুরুত্বপূর্ণ অংশ সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত হয়।
সিটি কর্পোরেশন প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন অভিযানে উপস্থিত থেকে জানান, নগরীর শৃঙ্খলা রক্ষা ও যানবাহনের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান চালানো হবে। তিনি অবৈধ দখলদারদের সতর্ক করে বলেন, সরকারি জায়গা পুনরায় দখলের চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, অবৈধ স্থাপনা কারণে দীর্ঘদিন ধরে ওই এলাকায় যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। উচ্ছেদ অভিযানের ফলে পথচারীদের চলাচল সহজ হবে এবং বাসস্ট্যান্ড এলাকার পরিবেশ আরও সুশৃঙ্খল হবে বলে তারা আশা প্রকাশ করেন।
আরও পড়ুন >>> ময়মনসিংহ মেডিকেল কলেজ হাম আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু
সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীর বিভিন্ন এলাকায় সরকারি জায়গা ও ফুটপাত দখলের বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।