ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (এমডিএ) চেয়ারম্যান পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মোতাহার হোসেন তালুকদার । এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে বুধবার (১১ জুন) প্রজ্ঞাপন জারি করা হয়।
নগর উন্নয়ন ও পরিকল্পনায় নতুন নেতৃত্বের সূচনা হলো তার মাধ্যমে। স্থানীয় বিভিন্ন মহল থেকে তাকে অভিনন্দন জানানো হচ্ছে। দীর্ঘদিন ধরে তিনি ময়মনসিংহের উন্নয়ন, নাগরিক সেবা ও পরিকল্পনা বিষয়ে কাজ করে আসছেন। যানজট নিরসন, পয়োনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন, আবাসিক এলাকা পরিকল্পনা ও সবুজায়নের মতো বিষয়ে তার অভিজ্ঞতা রয়েছে বলে জানা গেছে।
দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, “ময়মনসিংহকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। সবার সহযোগিতা নিয়ে এমডিএকে আরও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলব।”
আরও পড়ুন >> ময়মনসিংহ এইচএসসি ২০২৫: সেরা ১০ কলেজের ফলাফল বিশ্লেষণ
ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ নগরীর মাস্টারপ্ল্যান বাস্তবায়ন, ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ, সড়ক-সেতু নির্মাণ ও নগরায়ন সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের মূল প্রতিষ্ঠান। নতুন চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার এর নেতৃত্বে কার্যক্রম আরও ত্বরান্বিত হবে বলে আশা করছেন নগরবাসী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।