ময়মনসিংহে চাঁদাবাজি ও হামলার ঘটনায় চরপাড়া থেকে মূল অভিযুক্ত আটক

ময়মনসিংহের চরপাড়া এলাকায় জনতা ব্যাংক পিএলসি.-এর এক কর্মকর্তার ওপর চাঁদাবাজি ও হামলার ঘটনায় মূল অভিযুক্ত সাইফুলকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, সাইফুল স্থানীয় একটি চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, জনতা ব্যাংক চরপাড়া শাখার কর্মকর্তা মো. নজরুল ইসলাম নিজ বাড়িতে নির্মাণ কাজ করছিলেন। এ সময় সাইফুলসহ কয়েকজন যুবক মাসিক চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় তারা নির্মাণ সামগ্রী ভাঙচুর করে এবং প্রাণনাশের হুমকি দেয়। গত মঙ্গলবার নজরুল ইসলাম কাজ তদারকি করতে গেলে সাইফুলের নেতৃত্বে কয়েকজন লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি মাথা ও হাতে গুরুতর আঘাত পান এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

ঘটনার পর নজরুল ইসলামের স্ত্রী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ওসি শিবিরুল ইসলামের নির্দেশে এসআই রাকিবুল হাসানের নেতৃত্বে পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে চরপাড়া বাজার এলাকা থেকে সাইফুলকে আটক করে। এ সময় হামলায় ব্যবহৃত লোহার রড ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আরও পড়ুন >> জাতীয় গোল্ডকাপ ফুটবলের ফাইনালে ময়মনসিংহের বালক-বালিকা দল

ওসি শিবিরুল ইসলাম বলেন, “চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না।” আটক সাইফুলের বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তার সহযোগীদের গ্রেফতারে অভিযান চলছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সাইফুল দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদা আদায় ও নির্মাণ কাজে বাধা দিয়ে আসছিল। তারা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, চাঁদাবাজি ও হামলার ঘটনায় আটক সাইফুলকে আদালতে পাঠানো হবে এবং এলাকায় নিয়মিত টহল বাড়ানো হয়েছে।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *