ময়মনসিংহ জেলার বহুল প্রতীক্ষিত নতুন উপজেলা দক্ষিণ গফরগাঁও গঠনের প্রস্তাব অনুমোদন পেয়েছে। গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত হবে নতুন উপজেলা দক্ষিণ গফরগাঁও । বুধবার (১ জুলাই ২০২৬) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। অনুমোদন বাস্তবায়িত হলে এটি হবে জেলার ১৪তম উপজেলা।
নিকার সূত্রে জানা যায়, মশাখালী, পাঁচবাগ, উস্থি, লংগাইর, পাইথল, দত্তের বাজার, নিগুয়ারী ও টাঙ্গাব ইউনিয়ন নিয়ে নতুন প্রশাসনিক ইউনিট গঠিত হবে। দীর্ঘদিন ধরে স্থানীয়দের দাবি ছিল নতুন উপজেলা গঠনের মাধ্যমে প্রশাসনিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো। অবশেষে সরকারের সিদ্ধান্তে সেই প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে।
নতুন উপজেলার নাম নিয়ে আগে ‘পাগলা’ বা ‘আদর্শনগর’ প্রস্তাব করা হলেও চূড়ান্তভাবে ‘দক্ষিণ গফরগাঁও’ নাম অনুমোদন পেয়েছে। স্থানীয় ইতিহাস অনুযায়ী, পাগলা বাজার এলাকায় মুঘল আমলে সুফি সাধকদের আগমনের কারণে এ নামের প্রচলন হয়েছিল। তবে সরকার শেষ পর্যন্ত দক্ষিণ গফরগাঁও নামকেই গ্রহণ করেছে।
আরও পড়ুন >> নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা নিশ্চিত করতে ময়মনসিংহে প্রস্তুতিমূলক সভা
এ সিদ্ধান্তে স্থানীয়দের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করে তারা নতুন উপজেলা অনুমোদনকে স্বাগত জানিয়েছেন। তাদের প্রত্যাশা, নতুন উপজেলা বাস্তবায়িত হলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে গতি আসবে এবং প্রশাসনিক কার্যক্রম আরও সহজ হবে।