গোল্ডকাপ ফুটবলের জাতীয় ফাইনালে ময়মনসিংহের বালক-বালিকা দল রানার্সআপ

ময়মনসিংহের বালক-বালিকা দল জেলার ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)-২০২৬ এর জাতীয় পর্যায়ের ফাইনালে অংশ নিয়ে বালক ও বালিকা উভয় বিভাগে রানার্সআপ হয়েছে জেলার দুটি দল। শনিবার (২০ জুন) রাজধানীর বনানীতে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে তারা এই গৌরব অর্জন করে।

বালক বিভাগে ত্রিশাল উপজেলার দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ফাইনালে লড়াই করে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপক্ষে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে তারা ১-০ গোলে পরাজিত হয়ে রানার্সআপ হয়। অন্যদিকে, বালিকা বিভাগে নান্দাইল উপজেলার আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-২ গোলে হেরে রানার্সআপ হয় পাবনার সাঁথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে।

রানার আপ বালক ময়মনসিংহ
ময়মনসিংহের দল প্রধানমন্ত্রীর কাছ থেকে রানারআপ পুরস্কার গ্রহণ করছে। ছবিঃ সংগৃহীত

জাতীয় পর্যায়ে রানার্সআপ হওয়া সত্ত্বেও ময়মনসিংহের দলগুলোকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্যরা। ত্রিশাল আসনের এমপি ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, “ক্ষুদে ফুটবলাররা প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ফাইনালে খেলেছে—এটাই বড় অর্জন।” নান্দাইল আসনের এমপি ইয়াসের খান চৌধুরী বলেন, “চ্যাম্পিয়ন না হলেও তারা বিজয়ী, কারণ তারা জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভা তুলে ধরতে পেরেছে।”

প্রতিযোগিতায় দেশের ৬৫ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রায় ২২ লাখ শিক্ষার্থী অংশ নেয়। গ্রাম থেকে শুরু করে বিভাগীয় পর্যায় অতিক্রম করে জাতীয় ফাইনালে জায়গা করে নেয় চারটি দল। ফাইনাল শেষে বিজয়ী ও রানার্সআপ দলকে মেডেল ও ট্রফি প্রদান করা হয়।

আরও পড়ুন >> জাতীয় গোল্ডকাপ ফুটবলের ফাইনালে ময়মনসিংহের বালক-বালিকা দল

ময়মনসিংহবাসী আশা করছে, ভবিষ্যতে তাদের ক্ষুদে ফুটবলাররা জাতীয় পর্যায়ে আরও বড় সাফল্য অর্জন করবে এবং আন্তর্জাতিক অঙ্গনেও দেশের নাম উজ্জ্বল করবে।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *